দাগনভূঞায় ইয়াবাসহ যুবক আটক

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটক ইসমাইল হোসেন পারভেজ দাগনভূঞা উপজেলার ইয়ারপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ির খলিল উল্লাহ খোকনের ছেলে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অভিনব চেষ্টা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির ফেনী কার্যালয়ের একটি রেইডিং টিম দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর ৩ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়ার বাড়িতে অবস্থিত ইসমাইল হোসেন পারভেজের নিজ বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় তাঁর ঘর তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা, শহরজুড়ে কড়া নিরাপত্তা

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন নজরদারির পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা সম্ভব হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, আটক ব্যক্তি কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করতেন। তাঁকে আটকের জন্য একাধিকবার চেষ্টা চালানো হলেও এবার সফল হওয়া গেছে। তাঁর সঙ্গে জড়িত আরও কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

আটক ইসমাইল হোসেন পারভেজকে বুধবার (২৯ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।