পাটগ্রাম সীমান্তে ১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক

Sadek Ali
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধরলা বিওপির একটি টহলদল পাটগ্রাম উপজেলার ধরলার মোড় ও সরকারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: শেরপুরে ৫৬ সরকারি প্রাথমিকে নেই প্রধান শিক্ষক

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় টহলদলের গতিবিধি টের পেয়ে চোরাকারবারিরা তাদের বহন করা ভারতীয় পণ্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩৩৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং ভারতীয় জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল উদ্ধার করেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের মোট সংখ্যা ৩৩৫ পিস/টি এবং এর সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।

আরও পড়ুন: জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিতভাবে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধরলা বিওপির টহলদলের তৎপরতায় চোরাচালানের পণ্যগুলো আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান বন্ধে স্থানীয় বাসিন্দাদেরও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আটক করা ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।