নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় নৌ পুলিশের এক কর্মকর্তা কর্তৃক অস্বাভাবিক ও অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দায়িত্বশীল ওই পুলিশ কর্মকর্তাকে উদাম নাচ, গান গাওয়া ও উচ্চস্বরে চিৎকার করতে দেখা যায়। শুধু তাই নয়,ঘটনা চলাকালে স্থানীয় একটি চায়ের দোকানে তিনি চেয়ার-টেবিল ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন নৌ পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান। তিনি জানান, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত সদর নৌ থানার সংলগ্ন সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, ওই রাতে এএসআই আব্দুল মান্নানকে নিয়ন্ত্রণহীন অবস্থায় দেখা যায়। তিনি উপস্থিত লোকজনের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। ঘটনার সময় উপস্থিত কয়েকজন তার কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল মান্নানকে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বের করে ছুড়ে ফেলেন এবং ওয়ালেট থেকে টাকা বের করে ছুড়ে দেন। চায়ের দোকানে ভাঙচুর করেছেন বলেও ভিডিওতে এক ব্যক্তিকে অভিযোগ করতে শোনা যায়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া
এদিকে, এএসআই আব্দুল মান্নান মদ্যপ অবস্থায় ছিলেন এমন অভিযোগও উঠেছে। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি রফিকুজ্জামান বলেন, পারিবারিক কলহের কারণে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর এ ধরনের ঘটনা ঘটান আব্দুল মান্নান। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের পর স্পষ্ট হবে।





