উলিপুরে ১০০ বছরের পারিবারিক রাস্তা বাঁশের খুটি ও টিন দিয়ে বন্ধের অভিযোগ, থানায় লিখিত ডায়েরি

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ১০০ বছরের পুরনো একটি পারিবারিক চলাচলের রাস্তা বাঁশের খুটি ও টিন দিয়ে বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: আলমগীর মিয়া (৪০) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাগচির খামার (কবিরাজপাড়া) এলাকার বাসিন্দা মো: আলমগীর মিয়ার পরিবারের সাথে বিবাদী মো: ফারুক হোসেন (৬২), বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো: ফিরোজ আহমেদ ফুয়াদ (৪০) এবং শেখ ফরিদ (৪৭)—তিনজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযুক্তরা সবাই মৃত আঃ জব্বারের ছেলে।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

​অভিযোগে উল্লেখ করা হয়, ২ নং বিবাদী সেনাসদস্য ফিরোজ আহমেদ ছুটিতে বাড়ি এসে অপর বিবাদীদের সহযোগিতায় গত ১০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে তাদের প্রায় ১০০ বছরের পুরনো চলাচলের পথটি বাঁশের খুটি ও টিন দিয়ে পুরোপুরি বন্ধ করে দেন। এসময় আলমগীর মিয়ার পরিবারের লোকজন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের জীবন নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

​রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে আলমগীর মিয়া ও তার পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং বিকল্প পথ দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছেন। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর থানায় এসে লিখিত অভিযোগ দাখিল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

​এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।