অব্যবস্থাপনায় নড়বড়ে চবির আলাওল হল: পুরোনো সমস্যার জবাবদিহির চাপে নতুন প্রভোস্ট

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জমালুল আকবর চৌধুরী গত ৬ মে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেও পূর্বের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, যা নিয়ে ইতোমধ্যে হল সংসদ নেতৃত্বদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে নতুন হল প্রশাসনের।

আলাওল হলের বিভিন্ন অব্যবস্থাপনা বিগত সময়ে জুলাই আন্দোলন পরবর্তী নিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকের সময়কাল থেকে বিদ্যমান থাকলেও তার দায় এসে পড়েছে বর্তমান দায়িত্বরত প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরীর ওপর। ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া অনেক আগ থেকেই শুরু হলেও তার জন্য আরও সময় প্রয়োজন। যোগদানের মাত্র ১২ কর্মদিবসে আলাওল হলের অব্যবস্থাপনা সমাধানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান প্রভোস্ট।

আরও পড়ুন: ব্রিটিশ কাউন্সিলের নতুন অবস্থানপত্র, ভাষা সংবেদনশীল শিক্ষা ব্যবস্থার ওপর জোর

হলটির ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ এবং ডাইনিং ব্যবস্থাপনা তার মধ্যে অন্যতম। তথ্যসূত্রে জানা যায়, হলের আসন বরাদ্দে বড় ধরনের গোলযোগ রয়েছে। আসন বরাদ্দের মেরিট লিস্টে না থেকেও হলে অবস্থান করছেন একাধিক শিক্ষার্থী। কিছু রুমে বাল্ব ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট এবং পানিতে আয়রনের সমস্যা অন্যতম।

তবে প্রতিকূলতা সত্ত্বেও হলে সংস্কার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো হল আনা হয়েছে। এছাড়া গভীর নলকূপ স্থাপন ও সেপটিক ট্যাংক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। পাশাপাশি রিডিং রুম, স্পোর্টস রুম এবং ইবাদতখানার সুষ্ঠু ব্যবস্থাপনা চোখে পড়ার মতো।

আরও পড়ুন: জবির ক্লাসকক্ষে আপত্তিকর অবস্থায় টিকটক, বহিষ্কার ২ নবীন শিক্ষার্থী

তবে ২০ মে হলের অব্যবস্থাপনা ও প্রভোস্টের অসহযোগিতার অভিযোগ এনে হলের প্রশাসনিক অফিস কক্ষে তালা লাগান হলের ছাত্র সংসদ নেতৃবৃন্দের একটি অংশ।

এ বিষয়ে আলাওল হলের আবাসিক শিক্ষার্থী মাইন হানজালা গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় দুই ঘণ্টা মিটিং হয়েছে। মিটিংয়ে আমাদের যে এজেন্ডাগুলো ছিল, সেগুলো বাস্তবায়নে তিনি (প্রভোস্ট) প্রতিশ্রুতি দিয়েছেন।

আলাওল হলে দীর্ঘদিন ধরে বিদ্যমান নানাবিধ সমস্যা সমাধান সংক্রান্ত বিষয়ে নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখলাম নানান সমস্যায় জর্জরিত আলাওল হল। বিশেষ করে সিট বণ্টন থেকে শুরু করে আগের প্রভোস্টের সময়ে শুরু হওয়া বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ অসমাপ্ত থেকে গেছে।

তিনি আরও বলেন, আমি অ্যাকাউন্টস থেকে যতটুকু ডিটেইলস পেয়েছি তাতে মনে হয়েছে, তিনি হলের কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে অনেক টাকা অগ্রিম নিয়ে ফেলেছেন কিন্তু সেভাবে কাজগুলো সম্পন্ন করতে পারেননি। এছাড়াও যে কাজগুলো বাকি রয়েছে, প্রকৌশল দপ্তর ও কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলে তা দ্রুত শেষ করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। হল ছাত্র সংসদের সঙ্গে বসে আমরা হল প্রশাসন মিলে সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি।