রমজান উপলক্ষে ঢাবি শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের জন্য সীরাতভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। “আল হিকমা সিরাত কম্পিটিশন” শীর্ষক এ আয়োজনের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রতিযোগিতার নির্ধারিত পাঠ্যগ্রন্থ মানবতার বন্ধু মোহাম্মদ (সা.)। পরীক্ষাটি বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং আগামী ২৭ রমজান পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে অংশ নিতে পারবেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট দশটি অর্থ পুরস্কার রাখা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা, দ্বিতীয় ৮ হাজার, তৃতীয় ৬ হাজার, চতুর্থ ৫ হাজার, পঞ্চম ৪ হাজার, ষষ্ঠ ৩ হাজার এবং সপ্তম থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেকে ২ হাজার টাকা করে পুরস্কার পাবেন।
অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য নির্ধারিত বইটির পিডিএফ সংস্করণও অনলাইনে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশে সীরাত পাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মহানবীর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে তা প্রয়োগের অনুপ্রেরণা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।





