প্রথমবার ঢাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের তারাবির সুযোগ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় নারী শিক্ষার্থীদের জন্য তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশেষ করে অনাবাসিক ছাত্রীদের ইবাদতের সুযোগ আরও সহজ হয়।

এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা।

আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

তিনি জানান, এতদিন মসজিদটি মূলত জোহর, আসর ও মাগরিব নামাজের জন্য নারী শিক্ষার্থীদের জন্য খোলা থাকলেও মাগরিবের পর সাধারণত প্রবেশাধিকার সীমিত ছিল। তবে রমজান মাসে অনেক মসজিদে খতমে তারাবির সুযোগ না থাকায় নারী শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পুরো ৩০ দিন কেন্দ্রীয় মসজিদের নির্ধারিত নামাজের স্থান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উম্মে সালমা বলেন, ব্যক্তিগতভাবে বাইরে গিয়ে তারাবি আদায়ের অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন যে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ সুযোগ থাকলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবেন। বিশেষ করে অনাবাসিক ছাত্রীদের জন্য এটি প্রয়োজনীয় ছিল, কারণ তাদের জন্য আগে তারাবির নিয়মিত ব্যবস্থা ছিল না। যদিও গত বছর থেকে আবাসিক শিক্ষার্থীদের জন্য হলভিত্তিক খতমে তারাবির আয়োজন চালু রয়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যাতে রমজানজুড়ে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে তারাবি আদায় করতে পারেন।