দুই ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন

ছাত্রদল-শিবিরকে শান্ত থাকার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে গঠিত কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর ড. মোসাদ্দেক খান। কমিটি অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘গুপ্ত’ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গনের রাজনীতি

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে এবং কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ শিক্ষাবৃত্তির ক্ষেত্র বিস্তৃত করার আহ্বান

অন্যদিকে শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ঘটনাতেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানার ভেতরে হামলার শিকার হন ডাকসু নেতা এ বি জুবায়ের এবং মুসাদ্দেক।