জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর মোহাম্মদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, ১৯ জুলাই মোহাম্মদপুর থানার সামনে সংঘটিত ওই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন শাহিন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা উপলক্ষে রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ক্রাচে ভর করে উপস্থিত হন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার (২১ এপ্রিল ) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডা. আমান পঙ্গু হাসপাতালে গিয়ে শাহিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রয়োজন এমন ‘জুলাই যোদ্ধা’দের পাশে সরকার রয়েছে।
ডা. আমান আরও জানান, আগামীকাল সকালে পঙ্গু হাসপাতালে শাহিনের অস্ত্রোপচার অনুষ্ঠিত হবে। এ জন্য দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি দামের সঙ্গে সমন্বয়ে বাড়বে পরিবহন ভাড়া: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা।





