সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন জমা: সংসদে গঠনমূলক বিরোধী ভূমিকার প্রত্যাশা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচিত সদস্যরা গঠনমূলক বিরোধী ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই তাদের। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোটের নেতারা এ তথ্য জানান।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি কোনো সিদ্ধান্তে জনস্বার্থ থেকে বিচ্যুত হয়, তাহলে বিরোধী দলের সদস্যরা সংসদের ভেতরে থেকে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান বিরোধী সদস্যদের সঙ্গে নবনির্বাচিত নারী সদস্যরা যুক্ত হয়ে সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত করবেন।

আরও পড়ুন: গণতন্ত্রে সক্রিয় ভূমিকার প্রত্যাশা সেলিনা রহমানের

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে জোটের পক্ষ থেকে যে তালিকা জমা দেওয়া হয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদে যোগ দেবেন বলে তারা আশা করছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আযাদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হলে নারী প্রতিনিধিত্বের বিষয়টি যথাসময়ে নিশ্চিত হবে। এতে সংসদে নারীদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কনকচাঁপাকে নিয়ে মন্তব্য করা নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন

তিনি বলেন, সংবিধান নারী সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ ক্ষমতা ও অধিকার দিয়েছে। আইন প্রণয়নসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জোটের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মনোনীত ১৩ জন নারী সদস্য নির্বাচিত হয়ে ১১ দলীয় জোটের প্রতিনিধিত্ব করবেন এবং সংসদে বিরোধী কাতারে থেকে গণতান্ত্রিক চর্চা জোরদারে ভূমিকা রাখবেন।

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, শিক্ষক মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং রোকেয়া বেগম।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিভিন্ন জোটের মধ্যে আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।