সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ব্যয় নির্বাহে এখন থেকে নির্ধারিত হারে ফি আদায় করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৩ জুন) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, বিদ্যালয়গুলোতে পরীক্ষা পরিচালনার ব্যয় মেটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন শ্রেণির শিক্ষার্থীদের কত টাকা ফি দিতে হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। বর্তমানে প্রধান শিক্ষকদের জন্য যে স্লিপ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজনের ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। ফলে অনেক সময় শিক্ষকদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়।
আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো
মো. সাখাওয়াত হোসেন জানান, শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয়ের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং পরীক্ষা পরিচালনার খরচ নির্ধারিতভাবে মেটাতে শিক্ষার্থীদের কাছ থেকে সীমিত পরিসরে ফি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, গার্ল গাইডসের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ওই সম্মেলনে প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নগর তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন





