জামিন মেলেনি চিত্রনায়ক রিয়াজের

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৩ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন পাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান এই অভিনেতা। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদনটি সরাসরি নাকচ (ডিমিশ) করে দেন।

আরও পড়ুন: যে প্রেম রূপকথাকেও হার মানায়

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় সাংস্কৃতিক অঙ্গনের একাধিক প্রভাবশালী ব্যক্তি ও অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ থানায় দায়েরকৃত সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় রিয়াজকে। গত বছরের ২ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২০১ জনের বিরুদ্ধে এই মামলাটি রেজিস্টার করা হয়।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গণনার নির্দেশ দিয়েছিলেন। এই মামলায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা ও জায়েদ খানসহ মোট ১৪ জন অভিনয়শিল্পীকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন: সালমানকে বুড়ো বলে কটাক্ষ নেটিজেনদের

এছাড়া রিয়াজের বিরুদ্ধে গণ-আন্দোলন কেন্দ্রিক আরও একটি হত্যা মামলা ঝুলছিল। দুই মামলাতেই আইনি সুরক্ষার লক্ষ্যে আজ উচ্চ আদালতে হাজির হলেও শেষ পর্যন্ত কোনো স্বস্তি পাননি এই তারকা। জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথ উন্মুক্ত রইল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।