হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫০ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সর্বশেষ দফার হামলায় হাইপারসনিকসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফার এই হামলায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ৩৪তম দফার হামলা চালিয়েছে। এতে তিন ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

আরও পড়ুন: ইরান যুদ্ধ থেকে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরাইল

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল–জাজিরা