ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল একাধিক এলাকা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত থেকে এ হামলা শুরু হয় বলে সেন্টকম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আগের দিন মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তারা দাবি করেছে, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এদিকে হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর প্রেস টিভির

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বুশেহর প্রদেশ, ফার্স প্রদেশ, পারস্য উপসাগরের কিশ দ্বীপ এবং কাজেরুন শহরের উপকণ্ঠেও হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: পর্ন ইন্ডাস্ট্রি থেকে সিনেটে! এবার কলম্বিয়ার আইনপ্রণেতা অ্যামারান্তা হ্যাঙ্ক

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদান, আহভাজ, শাদেগান ও আরভানদকেনারসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজ শহরের অন্তত সাতটি স্থানে হামলা হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের খবর এসেছে আবু মুসা, কিশ ও কেশম দ্বীপ থেকেও। তবে সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

আইআরআইবি জানায়, কেশম শহরের চাহ-তাঙ্গো এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকাতেও আঘাত হেনেছে। তবে হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ইরান বলেছে, মার্কিন বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পূর্ববর্তী সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। তেহরান পুনরায় সতর্ক করে জানিয়েছে, দেশের ভূখণ্ডে যেকোনো হামলার জবাব কঠোর ও পাল্টা ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি