ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর স্থাপনে হাইকোর্টের স্থগিতাদেশ

Sadek Ali
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের  গফরগাঁও উপজেলাধীন নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে পাগলা থানা থেকে ৬ কিলোমিটার দূরে সরিয়ে স্থানীয় এমপির বাড়ির পাশে নয়াবাড়ি মৌজায় উপজেলা সদরদপ্তর স্থাপন কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল এবং অবকাঠামো নির্মাণে স্থিতিবস্থা জারি করেছেন আদালত।

আরও পড়ুন: সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

 আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৬ জুলাই এই আদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত।

আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মিজানুল হক চৌধুরী, হাসান মোহাম্মদ রিয়াদ ও মো. হাবিবুর রহমান।

রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিশান হায়দার, আসিফ ইমরান (জিসান) এবং রুহুল আমিন সিকদার। বুধবার আদালতের আদেশের কপি প্রকাশ করা হয়।

আদালতের আদেশে বলা হয়, নতুন গঠিত ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় নির্ধারণে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই রিট মামলাটি দায়ের করেন দক্ষিণ গফরগাঁওয়ের পাঁচুলি গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান ফুরকান।

আদালত সরকারের দুটি প্রজ্ঞাপনকে অর্থাৎ ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এবং ১৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববিহীন এবং কার্যকারিতাশূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।