পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক
পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- সুমাইয়া আক্তার ও মাহিনুর।
বুধবার (২৯ জুলাই) পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান চালানো হয়।
আরও পড়ুন: সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
পুলিশের ভাষ্য, সুমাইয়ার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এরপর মাহিনুরের বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী
তবে আটক সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, অ্যাডভোকেট আখি তাকে একটি প্যাকেট দিয়ে এক নারীর কাছে পৌঁছে দিতে বলেন। ওই নারী প্যাকেটটি নেওয়ার পর সুমাইয়াকে টাকা দেন। পরে সেই টাকা তিনি অ্যাডভোকেট আখির চেম্বারে দিয়ে আসেন। তার দাবি, চেম্বারে থাকা এক ব্যক্তি পাশের বিকাশের দোকানের মাধ্যমে ওই টাকা অ্যাডভোকেট আখির কাছে পাঠিয়ে দেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, পলিটেকনিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে কয়েকটি পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। আটক দুই নারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।
পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





