সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেন। সবৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বহরের কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
আরও পড়ুন: কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা
ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।
আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী
এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
গোলাপগঞ্জের এই হামলার ঘটনা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তার অভিযোগ, ‘বিএনপির সন্ত্রাসীরা’ এতে জড়িত। গাড়িতে আমি, সারজিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম।’
মিতু বলছেন, ‘এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের, পিছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে।’
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ‘ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা (এসকর্ট) দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।





