‎মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

Sadek Ali
‎‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎‎নিহত দুই শিশু হলো রিফাত মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২)। তারা একই গ্রামের রুবেল মিয়ার সন্তান।

আরও পড়ুন: আশুলিয়ায় বিকেএসপির আবাসিক ছাত্রের মৃত্যু, দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের প্রাথমিক ধারণা

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে দেখে দ্রুত উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

‎‎মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, "হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে৷"

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

‎‎মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, "খলাপাড়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"