মিষ্টিতে পোকা দেখিয়ে আইফোন-নগদ দাবি, ভ্লগার দম্পতির বিরুদ্ধে দোকানির অভিযোগ

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মিষ্টির মধ্যে পোকা পাওয়ার দাবি করে এক দোকানির কাছে ক্ষতিপূরণ হিসেবে আইফোন ও নগদ অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে। ওই মিষ্টির দোকানির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে হামলায় যোগ দিতে পারে ইসরায়েল

পুলিশের কাছে দেওয়া অভিযোগে দোকান মালিক নয়ন ঘোষ জানান, বৃহস্পতিবার সকালে সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে তার ‘শ্রীকৃষ্ণ সুইটস’ নামের দোকানে যান। মিষ্টি খাওয়ার পর তারা তাতে পোকা থাকার অভিযোগ করেন। এ নিয়ে দোকান মালিকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে দোকান মালিকের হোয়াটসঅ্যাপে পোকা থাকা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন নয়ন।

আরও পড়ুন: হুথিদের দখল বাড়ায় তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দোকানির দাবি, এরপর তাকে একাধিকবার ফোন করে চাপ দেওয়া হয় এবং সন্ধ্যা ৬টার মধ্যে ওই দম্পতির বাড়িতে যেতে বলা হয়। পরে তিনি সেখানে গেলে ছবি ও ভিডিও মুছে ফেলার বিনিময়ে একটি আইফোন ও নগদ অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

নয়ন ঘোষের আরও অভিযোগ, মিষ্টির মধ্যে ইচ্ছাকৃতভাবে পোকা রাখা হয়েছিল এবং পরে সেটিকে কেন্দ্র করে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করবে পুলিশ।

দোকান মালিক দাবি করেন, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে পণ্য তৈরি করা হয়। এ কারণে মিষ্টিতে পোকা পাওয়ার বিষয়টি নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে। ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যেই এমনটি করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ তার।

এ ঘটনায় হাবড়া থানায় ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে ভ্লগার দম্পতির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।