তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্টে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আরও পড়ুন: হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিনাদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

পরে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। বৃহস্পতিবার আবেদনটি আদালতের সম্পূরক কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরে বিশেষ অনুমতি নিয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন: সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

মামলার নথি অনুযায়ী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান (৫২) গত ২৫ এপ্রিল থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

এর আগে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২২ এপ্রিল তাকে কুমিল্লার আদালতে হাজির করার আগে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।