সংসদ নির্বাচন

ভোট পর্যন্ত প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।

আরও পড়ুন: গণভোট ও রাষ্ট্র সংস্কারের পথে ইসি-সরকারের সমন্বয়হীনতা বড় চ্যালেঞ্জ: টিআইবি

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত প্রতি উপজেলা/থানায় ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আরও পড়ুন: আজ থেকে মাঠে নামবেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি মাছউদ

সাংবাদিকদের আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।