মন্ত্রীর দীপেন দেওয়ানের হঠাৎ পদত্যাগ নিয়ে নানা আলোচনা
বর্তমান সরকার গঠনের মাত্র তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের হঠাৎ পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা রহস্য ও গুঞ্জন তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিলেও, রাজনীতির জন্য একসময় জেলা জজের চাকরি ছেড়ে দেওয়া এই মন্ত্রীর আকস্মিক পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। মন্ত্রী দীপেন দেওয়ানকে টেলিফোনে পাওয়া না গেলেও তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠজনদের সূত্রে বিভিন্ন তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের আগেই অনেকটা হতাশ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন মর্মে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লেখেন, "আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।"
তিনি আরও লেখেন, "বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব, উপর্যুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।" উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট ও শপিংমল





