রাজধানীর দুই এলাকায় রাজউকের মোবাইল কোর্ট অভিযান
রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ও রাজউকের বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজউকের দুটি জোনের আওতাধীন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালিত হবে।
রাজউক সূত্রে জানা গেছে, প্রথম মোবাইল কোর্টটি পরিচালিত হবে উত্তরা, দিয়াবাড়ি, টঙ্গীসহ সাবজোন ১/১-এর আওতাধীন এলাকাগুলোতে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তা রহমান।
আরও পড়ুন: অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
এ অভিযানে রাজউকের অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ মিয়া ও মো. মশিউর রহমানসহ ইমারত পরিদর্শকরা অংশ নেবেন।
অন্যদিকে, রাজউকের জোন ৭/১-এর আওতাধীন রায়েরবাগ, দনিয়া, শনির আখড়া, সূত্রাপুর ও গেন্ডারিয়াসহ সংশ্লিষ্ট এলাকায় দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে থাকবেন মো. লিটন সরকার।
আরও পড়ুন: ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে দুই মাসে ১,৪৬১ অভিযোগ, নিষ্পত্তি ১,০২০
দ্বিতীয় অভিযানে রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক মো. জাহিদুল ইসলাম এবং ইমারত পরিদর্শক মো. রাফিউল আলম অংশ নেবেন।
রাজউকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরীতে অনুমোদনবিহীন ও বিধিবহির্ভূত নির্মাণকাজ নিয়ন্ত্রণ এবং ইমারত নির্মাণসংক্রান্ত নিয়ম-কানুন বাস্তবায়নের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





