টরন্টোতে বিশ্বকাপ ঘিরে উৎসবের ঢল, কানাডা এখন ফুটবল উন্মাদনার নগরী
বিশ্বজুড়ে যখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা তুঙ্গে, তখন আয়োজক দেশ কানাডা যেন রূপ নিয়েছে এক বিশাল উৎসবের নগরীতে। বিশেষ করে টরন্টো শহর এখন ফুটবল আবহে পুরোপুরি রঙিন। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আর আলোকসজ্জায় শহরজুড়ে তৈরি হয়েছে এক ভিন্নমাত্রার পরিবেশ।
ডাউনটাউন টরন্টোর নাথান ফিলিপস স্কয়ার এখন এই উৎসবের কেন্দ্রবিন্দু। সেখানে স্থাপন করা হয়েছে বিশ্বকাপের সময় গণনা ঘড়ি, যা প্রতিদিনই আকর্ষণ করছে অসংখ্য দর্শনার্থীকে। ঘড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি সংবাদকর্মীরাও এই মুহূর্তটি ধারণ করতে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল
পুরো এলাকাজুড়ে চলছে নানা আয়োজন। কোথাও চলছে প্রাণবন্ত কনসার্ট, কোথাও নৃত্য পরিবেশনা। দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে খাবারের স্টল ও মেলার অংশে। বিভিন্ন ধরনের গিফট আইটেম, হস্তশিল্প ও স্মারকসামগ্রীতে সাজানো এসব স্টল ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত যেন সময়ের হিসাবই মিলছে না অনেকের।
শহরের বড় বড় শপিং মলগুলোতেও ফুটবলের রঙ ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপ থিমে সাজানো হয়েছে দেয়াল, করিডোর ও প্রদর্শনী এলাকা। রঙিন আলপনা, ফুটবল নকশা আর আলোকসজ্জায় পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
আরও পড়ুন: মার্টিনেজ ও সিমিওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে পুরো আয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে দর্শনার্থীরা নিরাপদে উপভোগ করছেন উৎসবের আবহ। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।
আগামী ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও উত্তেজনা।





