দীর্ঘক্ষণ চার্জে রাখলে ক্ষতি, স্মার্টফোন ব্যাটারি ভালো রাখতে জানুন করণীয়

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, যোগাযোগ ও বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে ব্যবহার করতে গিয়েই অনেকেই একটি সাধারণ ভুল করেন—প্রয়োজনের চেয়ে বেশি সময় ফোন চার্জে লাগিয়ে রাখা, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতির কারণ হতে পারে।

অনেকের ধারণা, ফোন সবসময় ১০০ শতাংশ চার্জে রাখাই ভালো। তাই রাতে চার্জে দিয়ে সকালে খুলে নেওয়া অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য এটি ক্ষতিকর।

আরও পড়ুন: দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি কী খোঁজে জানাগেল বিবিএস জরিপে

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে থাকলে ব্যাটারির সক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ফলে কিছুদিন পর ফোন আগের মতো চার্জ ধরে রাখতে পারে না।

এছাড়া অতিরিক্ত সময় চার্জে থাকলে ব্যাটারির ভেতরে তাপ তৈরি হয়, যা ব্যাটারির উপাদান ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকিও থাকে। এতে ডিভাইসের কাঠামোগত ক্ষতি হতে পারে—যেমন ব্যাক কভার উঁচু হয়ে যাওয়া বা স্ক্রিন সরে যাওয়া।

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

প্রতিটি ব্যাটারির নির্দিষ্ট চার্জিং সাইকেল থাকে। নিয়মিত অতিরিক্ত চার্জ দিলে এই সাইকেল দ্রুত শেষ হয়ে যায়, ফলে ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ে।

নিরাপত্তার দিক থেকেও সতর্ক থাকা জরুরি। নিম্নমানের চার্জার ব্যবহার বা বালিশ-কম্বলের নিচে ফোন রেখে চার্জ দিলে অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

ব্যাটারি ভালো রাখতে প্রযুক্তি বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ফোনের চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা সবচেয়ে ভালো। অপ্রয়োজনে দীর্ঘ সময় চার্জে রাখা এড়িয়ে চলা উচিত। পাশাপাশি সবসময় মানসম্মত চার্জার ব্যবহার করা নিরাপদ।

ব্যবহারকারীর সচেতনতা ও সঠিক অভ্যাসই স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।