ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১:৩৪ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে আসছে নতুন প্রস্তাব

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরুদ্ধারে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে রয়েছে। এর মধ্যে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন অতিক্রম করার পর অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, দ্রুত ট্রাকটি অপসারণের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।