নরসিংদী-৫ রায়পুরা

নিষিদ্ধ যুবলীগ নেতা তৌফিক ঘোড়া নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৫ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়াই করছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। এদিকে প্রভাবশালী এই নেতার ভোটের লড়াইয়ে অংশ নেওয়া নিয়ে আলোচনার যেন শেষ নেই, তেমনি জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়।

গত ২৯ ডিসেম্বর তিনি দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। পরে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর ২১ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসার তাকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেন।

আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা

নিষিদ্ধ সংগঠন যুবলীগের এই প্রভাবশালী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি ও রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামের কবি শামসুর রহমানের আপন ভাতিজা হিসেবে ব্যাপক পরিচিত। এই পরিচয়ের সুবাদে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নরসিংদীতে প্রভাব বিস্তার করেন। নিজস্ব বলয়, বাহিনী ও সমর্থক নিয়ে গড়ে তোলেন রাজনৈতিক প্ল্যাটফর্ম। পরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন তিনি।

পরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে মনোনয়ন না পেলেও বঙ্গবন্ধুর সৌহার্দ্য ও দলের নাম ভাঙিয়ে নেন নানা সুযোগ-সুবিধা। পরে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতন হলে ছাত্র-জনতার দাবির মুখে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন: বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

পরে অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর সৌহার্দ্য পরিচয় দেওয়া আলোচিত নিষিদ্ধ সংগঠনের নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাঠ চষে বেড়াচ্ছেন।

সংসদীয় আসনের প্রার্থী হয়ে ইতিমধ্যে তিনি রায়পুরার গকুলনগর সাহেব বাজার, গকুলনগর বাসস্ট্যান্ড, গকুলনগর, লক্ষ্মীপুর, রাধানগর, সাহেরচর, পীরপুর ফতেহ আলী শাহ (র.)-এর মাজার শরিফ, মনোহরাবাদ (খামার), মির্জাপুর, ঠাকুরবাড়ি মোড়, পিরিজকান্দী, পিরিজকান্দী বাজার, পীরপুর ও চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে তার পক্ষে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যাপক প্রচারণা চালান। অপরদিকে তার সহধর্মিণী সামিয়া নওশিন ও তার স্বজনরা ব্যারিস্টার তৌফিকের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে প্রচার চালাচ্ছেন।

স্থানীয় ভোটাররা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা।

এ বিষয়ে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত ছিলেন নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন—এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।