নবীনগরে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ল ১০ টাকা
নিহতরা হলেন—নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারুই ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাইকে থাকা পাঁচজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: নাসিরনগরের নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।
২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।





