আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, বেতন-বোনাস পরিশোধ ও কারখানা চালুর দাবি

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ার শিমুলতলা এলাকায় অবস্থিত বেঙ্গল গ্রুপের ইনজিনিটেক্স বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ এবং বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার সমির সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন: কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ল ১০ টাকা

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এতে সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়া ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল জব্বার।

বক্তারা অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন-বোনাস ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের আশ্বাস দিয়ে ছুটি ঘোষণা করে। পরবর্তীতে একাধিকবার খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বেতন-বোনাস প্রদান ও কারখানা চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আরও পড়ুন: নাসিরনগরের নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

তারা আরও বলেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই দোকানের বাকি ও বাড়িভাড়ার চাপসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় দ্রুত বেতন-বোনাস পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।