নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

Sadek Ali
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি বাসায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছেন।

রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের গিরিধারা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে টিম পাঠিয়েছি, এখনো বিস্তারিত কিছু জানা নেই।

এ ঘটনায় দগ্ধ পাঁচ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

দগ্ধরা হলেন- মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। ডা. শাওন জানান, কালামের ত্বকে পোড়ার মাত্রা ৯৫ শতাংশ। আর তার স্ত্রী সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হাসান জানিয়েছেন, কালাম পেশায় সবজি বিক্রেতা। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় থাকতেন। হাসানের ভাষ্য, সকাল ৭টার দিকে হঠাৎ ওই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।