পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যলাইনে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কড়া আপত্তি ও কঠোর অবস্থানের কারণে খুঁটি অপসারণে বাধ্য হয় বিএসএফ।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যলাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে আসলে তাৎক্ষণিকভাবে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা তীব্র আপত্তি জানায় এবং ঘটনাস্থলে কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করে। বিজিবির অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটি দ্রুত অপসারণ করে নেয়।

এ ব্যাপারে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। বর্তমানে উক্ত সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় ও পেশাদার ভূমিকা পালন করে যাবে।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪