বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
বাগেরহাট সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহর থেকে কাজ শেষে পশ্চিম ভাগের নিজ বাড়ির দিকে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। পথিমধ্যে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন জানান, "কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন





