পটুয়াখালীতে ৮ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
পটুয়াখালীর দুমকি থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ১,৬১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়া থানার বাসিন্দা মোস্তাফিজুর রহমান (৩২) এবং পটুয়াখালীর কলাপাড়া থানার বাসিন্দা মো. আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফ (৪৩)।
আরও পড়ুন: হবিগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন
পুলিশ জানায়, পটুয়াখালী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রে খবর আসে—বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে যাত্রীবেশে ইয়াবার একটি চালান আসছে। সংবাদের সত্যতা যাচাইয়ে দুমকি থানা পুলিশের একটি চৌকস দল লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। রাত ১০:৫৫ ঘটিকার সময় কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি থামিয়ে ড্রাইভারের পাশে থাকা মোস্তাফিজুর রহমানকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১,৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের মধ্যে ইয়াবা ছাড়াও রয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুল ব্যাগ, হাফপ্যান্ট, একটি মোবাইল সেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা।
আরও পড়ুন: টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব!
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান জানান, তিনি কক্সবাজার থেকে এই ইয়াবার চালান সংগ্রহ করে পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকার আসাদুজ্জামান ভুলু আরিফের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুলু আরিফকেও গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দুমকি থানায় ১০ আগস্ট ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নম্বর-০৪) রুজু করা হয়েছে। আসামী মোস্তাফিজুর রহমান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





