এ আই ও ভিডিও মামলা নিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগের বক্তব্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ট্রাফিক জরিমানার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া এসএমএস সম্পর্কে নগরবাসীকে সতর্ক করেছে। ডিএমপি জানিয়েছে, সম্প্রতি অনেক নাগরিক ট্রাফিক বিভাগের নামে জরিমানা আদায়ের বিষয়ে এসএমএস পাচ্ছেন, যা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা করা হলে সংশ্লিষ্ট যানবাহনের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি অফিসিয়াল পত্র পাঠানো হয়। এছাড়া প্রয়োজন হলে কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে।
আরও পড়ুন: ঈদুল আজহা ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ফাইন অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘উপায়’ এবং ‘সিবিবিএল’-এর মাধ্যমে পরিশোধ করা যায়।
ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, ট্রাফিক বিভাগ কখনোই নাগরিকদের কাছ থেকে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। তাই এ ধরনের তথ্য চেয়ে কেউ যোগাযোগ করলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে গুরুত্বপূর্ণ স্থানে বদলি
ট্রাফিক এআই/ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া বার্তায় প্রতারিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।





