কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
রাজধানীতে কোটি টাকার প্রতারণার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। আটক ব্যক্তি মাহি চৌধুরী, যিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে পরিচিত।
শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকায় কয়েকজন ভুক্তভোগী পরিকল্পিতভাবে তাকে আটক করেন। পরে তার অবস্থান নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রাজধানীর নয়াবাজারে যুবদল নেতাকে গুলি করে আহত
ভুক্তভোগীদের অভিযোগ, মাহি চৌধুরী নিজেকে সফল ক্যাটফুড ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। তিনি দাবি করতেন, রাজধানীজুড়ে তার ২০ থেকে ২২টি দোকান রয়েছে এবং তিনি বৃহৎ পরিসরে ব্যবসা পরিচালনা করছেন। এই পরিচয়ের ভিত্তিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান তিনি।
আশিকুজ্জামান মোল্লা নামে এক ভুক্তভোগী বলেন, আরও অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়ে কৌশলে তাকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে আনা হয়। সেখানে উপস্থিত অন্য ভুক্তভোগীদের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়। তিনি দাবি করেন, একই কৌশলে আরও অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার
অন্য এক ভুক্তভোগী হিমেল জানান, মাহি তার কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নেন। এর মধ্যে কিছু অর্থ ফেরত দিলেও এখনো উল্লেখযোগ্য পরিমাণ টাকা বকেয়া রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে একই ধরনের প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বলেন, একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ভুক্তভোগীদের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে আগেই কিছু অভিযোগ উঠেছিল। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি সহায়তাও প্রদান করা হবে বলে জানান তিনি।
মাহি চৌধুরী বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।





