ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৪৯ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খানকে সামাজিক বিজ্ঞান অনুষদের এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিমকে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁদের এ নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত দুই ভারপ্রাপ্ত ডিন ইতোমধ্যে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ

দায়িত্ব হস্তান্তর উপলক্ষে পৃথক অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট দুই অনুষদের অধীন বিভাগের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।