হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাকসু নেতার খোলা চিঠি

Any Akter
ঢাবি প্রতিনিধি,
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দুর্ভোগ ও ত্যাগের প্রসঙ্গ তুলে দেশের হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

‘মধ্যরাতের এলোমেলো ভাবনায় দেশের হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি’ শিরোনামে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ট্রেনের ছাদে, লঞ্চে ও বাসে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ এলাকায় ছুটছেন কেবল ভোটাধিকার প্রয়োগের জন্য। তিনি উল্লেখ করেন, নাগরিক দায়িত্ব পালনে ভোটারদের এই ত্যাগ ও কষ্ট ভবিষ্যৎ সরকারের স্মরণে রাখা উচিত।

আরও পড়ুন: কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ

চিঠিতে তিনি লেখেন, “নাগরিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে যাচ্ছেন, নির্বাচিত প্রতিনিধিদেরও উচিত তাদের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখা।” তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ‘প্রভু নয়, সেবক’ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

এছাড়া সামনে ঈদ যাত্রার সময় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যেন নাগরিকদের আর ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে না হয়, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চিঠির শেষাংশে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং ভোটারদের আস্থার মর্যাদা রক্ষা করবে।

আরও পড়ুন: ‎ছাত্রদলে যোগ দেওয়া ভিপির বিরুদ্ধে ব্যবস্থা চান ’শিবির সমর্থিত জিএস-এজিএস'

তিনি নিজেকে বাংলাদেশের একজন নাগরিক এবং ঢাকা-১৩ আসনের ভোটার হিসেবে পরিচয় দিয়ে চিঠিটি প্রেরণ করেন।