ঈদে ভিন্ন স্বাদের বিনোদন
রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’
আসন্ন পবিত্র ঈদুল আযহায় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের এক নাট্য আয়োজন নিয়ে আসছে ‘ডিটেকটিভ ডাব্লিউ’। গোয়েন্দা গল্পের ছকে তৈরি হলেও এতে থাকছে রহস্য, দাম্পত্য টানাপোড়েন আর পরিমিত হাস্যরসের মিশেল- যা একে আলাদা করে তুলেছে প্রচলিত ধারার বাইরে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা বিপ্লব কুমার পাল বিপু। তার ভাষ্য, এটি শুধু একটি গোয়েন্দা গল্প নয়; বরং সম্পর্কের ভাঙাগড়া, বিশ্বাস-অবিশ্বাস আর সামাজিক প্রতারণার এক ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে দর্শকদের বিনোদনের কথাও মাথায় রাখা হয়েছে, যাতে রহস্যের ভেতরেও থাকে হালকা হাসির রেশ।
আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য
কাহিনিতে দেখা যায়, সহজ-সরল আবু বকর হঠাৎ করেই জড়িয়ে পড়েন দাম্পত্য জটিলতায়। স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা এবং একের পর এক সন্দেহজনক ঘটনায় দিশেহারা হয়ে তিনি আশ্রয় নেন ডিটেকটিভ ডব্লিউ’র কাছে। এরপর শুরু হয় অনুসন্ধান, যা ধীরে ধীরে উন্মোচন করে এক অপ্রত্যাশিত সত্য।
নাটকটিতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ এবং তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন প্রিয়ন্তি উর্বি। ডিটেকটিভ ডব্লিউ চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। তার সহকারী চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই।
আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
নাটকটির সম্পূর্ণ চিত্রায়ন হয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সোসাইটির অরুণাপল্লী আবাসিক এলাকার একটি বাংলোবাড়িতে। টানা দুই দিনের শ্যুটিং শেষে সম্প্রতি শেষ হয়েছে এর দৃশ্যধারণের কাজ।
নির্মাতা জানান, দ্রুত সময়ের মধ্যেই পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে নাটকটি প্রচারের জন্য প্রস্তুত করা হবে। সবকিছু ঠিক থাকলে কুরবানীর ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘ডিটেকটিভ ডাব্লিউ’।
রহস্যের টানটান উত্তেজনা আর হাস্যরসের মিশেলে নাটকটি ঈদের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা সংশ্লিষ্টদের।





