বিশ্বকাপ মাতাতে শাকিরা-বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’, যা এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে প্রকাশ করা হয়েছে।
মিয়ামিতে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওটির অন্যতম বড় আকর্ষণ বিশ্ব ফুটবলের তারকাদের উপস্থিতি। এতে স্ক্রিন শেয়ার করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র, তাকেফুসা কুবো, সান্তিয়াগো গিমেনেজ, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা এবং ক্রিশ্চিয়ান পুলিসিক।
আরও পড়ুন: ভক্তদের সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম
ভিডিওতে আরও অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের নিয়ে কাজ করা জনপ্রিয় এনজিও ‘ঘেটো কিডস’। পাশাপাশি মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরার দৃশ্য দর্শকদের নজর কাড়ছে। এটি মেক্সিকোর রাজধানী ‘সিউদাদ দে মেক্সিকো কোরাজন গ্রান্দে’-এর পর্যটন প্রচারণার সহযোগিতায় ধারণ করা হয়েছে।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। এবারই প্রথম বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। এই আয়োজনে ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর সঙ্গে সহ-প্রধান শিল্পী হিসেবে মঞ্চে উঠবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সঙ্গে নিয়ে লাইভ পরিবেশন করবেন ‘দাই দাই’ গানটি।
আরও পড়ুন: নিউইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয়ে জায়েদ খান
‘দাই দাই’ মূলত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিসিয়াল অ্যান্থেম। এই উদ্যোগের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগেই ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।
এই উদ্যোগে শাকিরা তার গান থেকে পাওয়া সব রয়্যালটি দান করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সোনি মিউজিক প্রাথমিকভাবে আড়াই লাখ ডলার অনুদান দেবে বলে জানিয়েছে। এছাড়া শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে জমা হবে।





