শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। এখন দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার
শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ প্রতীক্ষা করবে জানিয়ে রফিকুল আলম বলেন, এ ছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়।
তবে এ বিষয়ে ভারত এখনো কোনো উত্তর দেয়নি বলে জানান এই মুখপাত্র। এ ছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কৃষকদের স্বচ্ছল করতেই ‘কৃষক কার্ড’ চালু: প্রধানমন্ত্রী
এদিকে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
রফিকুল আলম বলেন, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ভারতও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।





