রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে ইসির প্রাথমিক আলোচনা, প্রস্তুতির বার্তা
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটগ্রহণের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি তাদের সম্পন্ন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ধাপগুলো সম্পন্ন করেই তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনে স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণের বিধান রয়েছে। সেই সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
তিনি বলেন, বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, আইনগত প্রক্রিয়া এবং সংসদের অবস্থান অনুযায়ী নির্বাচন পরিচালনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দিনক্ষণ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
সিইসি আরও বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হবে। অন্যদিকে অধিবেশন না থাকলে বিদ্যমান আইন অনুযায়ী বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করা হবে। অর্থাৎ, যে পরিস্থিতিই থাকুক না কেন, সংবিধান ও আইন মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তিনি জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করবে জাতীয় সংসদ সচিবালয়। সে লক্ষ্যে সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইতোমধ্যে কমিশন চিঠি পাঠিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করেন, সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়টি বৈঠকে আলোচনায় আসেনি। রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি ও সাংবিধানিক প্রক্রিয়াই ছিল আলোচনার মূল বিষয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচন দেশের সাংবিধানিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নির্বাচন কমিশন আইনসম্মত, স্বচ্ছ ও নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথাই এ বৈঠকের মাধ্যমে পুনর্ব্যক্ত করেছে। এখন দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই এ নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতি পাবে।





