ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দলীয় সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির শতাধিক নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পশ্চিম টেংরি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

জানা গেছে, পদত্যাগকারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখা’র ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসযাত্রীর মোবাইল ছিনতাই চক্রের মূল হোতা আটক, উদ্ধার ১১টি স্মার্টফোন

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে হাবিবুর রহমান হাবিবকে। এ সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া হাবিবুর রহমান হাবিব বর্তমানে তাদের ওপর চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছেন। দলের জন্য দীর্ঘদিন কাজ করার পরও এ ধরনের আচরণে তারা মর্মাহত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত যাত্রীদের কণ্ঠস্বর কবীর আহমেদ ভূঁইয়া, রেলপথ মন্ত্রণালয়ে জোরালো আবেদন

তবে পদত্যাগকারীরা জানিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের প্রতি তাদের আস্থা রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে তারা আবার দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারেন বলেও ইঙ্গিত দেন।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে বিএনপির পক্ষ থেকে সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় প্রার্থী করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জাকারিয়া পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ধানের শীষ প্রতীক বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সম্প্রতি স্থানীয় উপজেলা যুবদলের ছয় নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।