নরসিংদীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে জেলার ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হলে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। নরসিংদী পৌরসভার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এ দৃশ্য দেখা যায়। ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। 

এদিকে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে কাজ করছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুই একটি স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় ধরণের তেমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ভোটের পরিবেশ ছিল শান্ত। সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন তার নিজ ভোট কেন্দ্র চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মো.ইব্রাহীম মিয়াও একই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। 

আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা

এসময় খায়রুল কবির খোকন বলেন, ‘সব কিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো অভিযোগ নেই। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর প্রমাণ দীর্ঘ লাইন। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণ ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে বেছে নেবে। 

অপরদিকে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম ভূঞা বলেন, দুই-একটি কেন্দ্রে জাল ভোটের খবর পাওয়া গেছে। ভোট কেন্দ্রে আমাদের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাসাইল মহিলা ভোট কেন্দ্রের এক মহিলা ভোটার ভোট দিতে গেলে তার ভোট দেওয়া হয়ে গেছে বলে এমন অভিযোগ তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের কাছে। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে কি'না জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীর  নিরাপত্তা ব্যবস্হা সম্পর্কে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ভোট দিতে আসা প্রবীন এক ভোটার বলেন, ভোটের পরিবেশ ভাল ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল দেখার মত। তাই কোনরকম বাঁধা ছাড়াই পছন্দের প্রার্থী ভোট দিতে পেরেছি।  

আরও পড়ুন: ধামরাইয়ে নাতনিকে নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন

উল্লেখ্য, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই ৫টি আসনে ৬টি উপজেলার ৭১টি ইউনিয়ন ও ৭টি পৌরসভার ৬৬৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৬ জন ভোটার রয়েছেন। আর এসব ভোটারদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোট প্রদান এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় ১ হাজার ৫ শত পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন।