কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ভিতরে সাত বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ঘটনাটি ঘটে।
গ্রেফতার ইমাম মাহবুব ওরফে মাহবুব উল্লাহ (২৩) নেত্রকোণা জেলার পূর্বধলা থানার খলিশাপুর বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। তিনি গত এক মাস যাবত কুলিয়ারচর উপজেলার পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ হাওরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার জোহরের নামাজের পর শিশুটি মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে যায়। এ সময় মসজিদে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন ইমাম। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ইমামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





