নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তসংলগ্ন শূন্যরেখায় অবস্থান করছেন।
আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।





