সিংগাইরে ৭’শ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

Sadek Ali
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৩৯ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা চেকপোস্টে অভিযান চালিয়ে ৭’শ পিস ইয়াবাসহ আলীনুর (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী ইমরান (২৯) পালিয়ে যায়।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আলীনুর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের শাহাজুদ্দিনের ছেলে। পলাতক ইমরান গাজীপুর মেট্রো সদর এলাকার হারিনাল গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ গ্রামে শ্বশুর আলাউদ্দিনের বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: মৃত্যুর ১৪ বছর পরও অম্লান হুমায়ূন আহমেদ, নুহাশপল্লীতে ভক্ত-স্বজনের শ্রদ্ধাঞ্জলি

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ধল্লা চেকপোস্টে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় আলীনুর ও ইমরান একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালায়। তল্লাশিতে আলীনুরের কাছ থেকে ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ সময় সুযোগ বুঝে ইমরান পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আলীনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ইমরানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪