হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫৮৮

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৭:৩৬ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদনে বলা হয়, রোববার (৩১ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪৯৮ জন।

আরও পড়ুন: দেশে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, মোট ৫৮৫ জনের মৃত্যু

এদিকে, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪ জনে পৌঁছেছে। পাশাপাশি সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭০ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।