হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগ-এর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। এর আগে গত ২ এপ্রিল হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।
রিটে বলা হয়েছে, সম্প্রতি হামের কারণে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: জনস্বার্থে প্রাণী অধিকার রক্ষায় লিগ্যাল নোটিশ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকা নিশ্চিত করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, টিকার ঘাটতি ও সংক্রমণ বৃদ্ধির কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।





