নরসিংদীর ৫টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৮ শতাংশ।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট। অপরদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি জোট হলেও এ আসনে এনসিপির হেভিওয়েট নেতা গোলাম সারোয়ারও শাপলা কলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষমেষ তিনি ভোট পান ১৪ হাজার ৫৬৭ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬০ শতাংশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ–১ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী দিপু ভুঁইয়ার জয়
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। অপরদিকে এ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রিক্সা প্রতীকে ২৪ হাজার ৯৬৮ ভোট পান। আসনটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬০ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ।
স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন। এসময় একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে বিজয় উদ্যাপন করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।





