ট্রাম্পকে যে মন্তব্য করলেন কমল হাসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ দেওয়ার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র—কোনো বিদেশির হুকুম ভারত মানে না।

শনিবার ট্রাম্পের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাষায় জবাব দেন।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

রোববার প্রকাশিত ওই পোস্টে তিনি লেখেন, “মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।”

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের সমালোচনা করে কমল হাসান আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেই কেবল দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।

আরও পড়ুন: থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে ভাঙন

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। জাতীয় স্বার্থে ভারত যেকোনো দেশ থেকে তেল কিনতে পারে বলে দিল্লি বারবার জানালেও গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। তিনি দাবি করেন, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই কমল হাসান সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান।